...|...|...

বিনোদন

অভিনয়ের বাইরে অন্তর্জালে অভিনেত্রীর কোটি টাকা আয়ের রহস্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৮
Shares
অভিনয়ের বাইরে অন্তর্জালে অভিনেত্রীর কোটি টাকা আয়ের রহস্য

এরিকা এলেনিয়াক। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক নতুন করে আলোচনায় এসেছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, অনলি ফ্যানস প্ল্যাটফর্ম থেকে বিপুল অর্থ আয়ের খবর সামনে আসায় আলোচনায় ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। মাত্র তিন মাসে প্ল্যাটফর্মটি থেকে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অনলি ফ্যানসে কাজের অভিজ্ঞতা ও উপার্জন নিয়ে কথা বলেছেন এরিকা। অন্যদিকে, বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তার উপার্জন ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে।

সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যোগ দেওয়ার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে এরিকা বলেন, ‘প্রথমবার অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবে মনে হয়েছিল, বিষয়টি আমার একদমই ভালো লাগবে না। কিন্তু এখন বলতে পারি, আমি এটি দারুণ উপভোগ করছি। এর মাধ্যমে আশির দশক থেকে আমার ক্যারিয়ার অনুসরণ করা অনেক মানুষের সাথে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।’

এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর নিজের অনুভূতির পরিবর্তনের কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর এতটা আবেগের সাথে বিষয়টি জড়িয়ে যাবে, তা কখনো ভাবিনি। জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে। এই অভিজ্ঞতা আমার জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে।’

টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলেন এরিকা। শুরুতে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করলেও বর্তমানে তার উপার্জন সেই অঙ্ক ছাড়িয়ে গেছে। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, প্ল্যাটফর্মটিতে এরিকার সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।