বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখ খানের সাথে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির অন্যতম আকর্ষণ, এতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। তিন শিল্পীর কণ্ঠের সমন্বয় গানটি ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সোমবার দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ খান। রোমান্টিক মুহূর্তের পাশাপাশি গানটির ভিডিওতে রয়েছে অ্যাকশন দৃশ্যও। শত্রুদের সাথে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা গেছে শাহরুখকে। গানের শেষ দিকে তার কণ্ঠে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতিও জানিয়েছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’
গানটি ঘিরে ভক্তদের প্রতিক্রিয়ায় দেখা গেছে মিশ্র চিত্র। বরাবরের মতো শাহরুখ ও দীপিকার পর্দার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। আবার কারও কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে।
তবে এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একসঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়ার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, একই আয়োজনে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিংকে পাওয়া বড় ধরনের সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে। অন্য ভক্তরাও এড শিরান ও অরিজিৎ সিংয়ের একসঙ্গে গান গাওয়ার বিষয়টিকে বিশেষ আকর্ষণ হিসেবে দেখছেন।
এদিকে অরিজিৎ সিং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সন্তান। অন্যদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের মেয়ে মধুবন্তী বাগচীও একজন পরিচিত সংগীতশিল্পী। বাংলাদেশের ‘কোক স্টুডিও বাংলা’তেও গান করেছেন তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার।

