...|...|...

বিনোদন

‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি’, মৌসুমীকে ওমর সানীর শুভেচ্ছা বার্তা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি’, মৌসুমীকে ওমর সানীর শুভেচ্ছা বার্তা

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলা চলচ্চিত্রে স্ত্রীর অবস্থান তুলে ধরে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

ওমর সানীর এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছাবার্তা ইতোমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁরাও শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। আলহামদুলিল্লাহ। আমার দোয়া, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সঙ্গে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো।’

একই পোস্টে মৌসুমীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানান এই অভিনেতা। তিনি লেখেন, আগামী ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজনে নিজেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। এবারের জন্মদিনে ৫৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। সিনেমাটিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে রাতারাতি দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’ ও ‘মোল্লাবাড়ির বউ’।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন মৌসুমী। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ নামে দুটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।

১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে এই তারকা দম্পতি দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। স্ত্রীর জন্মদিনে ওমর সানীর ভালোবাসাপূর্ণ শুভেচ্ছাবার্তা আবারও তাঁদের সম্পর্কের উষ্ণতা তুলে ধরেছে।