রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সংগঠনটি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতেও বালিয়াকান্দিসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

