...|...|...

জাতীয়

প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫২
Shares
প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে তিনি ১০টিতে সরাসরি অংশগ্রহণ করেন। দিনভর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন, বিশ্বনেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক, রোহিঙ্গা সংকট এবং দেশের উন্নয়ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশ নেন। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, যা দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্ক অঞ্চলের পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাইতির প্রধানমন্ত্রীর সাথে দেশটির অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনী বিজয় এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান এবং তাঁকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

প্রথম দিনেই রোহিঙ্গা সংকট সমাধানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাথে বৈঠকে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

বিশ্বব্যাংকের সাথে বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য, অর্থনৈতিক উদারীকরণ এবং সরকারের বিভিন্ন নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের আরও জোরালো ভূমিকা এবং যৌথভাবে কাজ করার বিষয়েও উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

মাহদী আমিন আরও জানান, সময়ের স্বল্পতার কারণে নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী সরাসরি ১০টিতে অংশ নেন। বাকি দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়; যার মধ্যে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সাথে বৈঠকে বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী এবং দুই পক্ষের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথম দিনের এই সফর বাংলাদেশের স্বার্থ ও জাতীয় মর্যাদা বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।