...|...|...

খেলা

বার্সেলোনায় ফিরেই সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৩
Shares
বার্সেলোনায় ফিরেই সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ব্রাজিলের ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরেছিলেন রাফিনহা। তবে ক্লাবে ফেরার পর পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তি ফিরেছে বার্সেলোনা শিবিরে। ফলে আগামী ১০ অক্টোবর গেটাফের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২ অক্টোবর) বার্সেলোনার চিকিৎসকরা রাফিনহার শারীরিক পরীক্ষা করেন। এতে তার ডান উরুতে নতুন কোনো চোট কিংবা গুরুতর সমস্যা পাওয়া যায়নি। ফলে গেটাফের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে ক্লাবটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ ব্যবধানের জয়ের ম্যাচে ডান উরুতে আঘাত পেয়েছিলেন রাফিনহা। ব্রিসবেনে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। ঝুঁকি না নিয়ে প্রথমার্ধের পর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেন কোচ কার্লো আনচেলত্তি।

পরবর্তীতে পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেছনের অংশে সামান্য পেশির ফোলা বা মাসল এডিমা ধরা পড়ে। দ্রুত পুনর্বাসনের জন্য ব্রাজিল দলের সঙ্গে ভারত সফরে না গিয়ে বার্সেলোনায় ফেরেন তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এই ফরোয়ার্ড।

রাফিনহার অতীতের চোটের ইতিহাসের কারণে বিষয়টি নিয়ে শুরু থেকেই সতর্ক ছিল বার্সেলোনা। গত মৌসুমেও একই উরুতে চারবার অস্বস্তিতে পড়েছিলেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। তাই তার শারীরিক অবস্থা নিয়ে ব্রাজিল দলের মেডিক্যাল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল বার্সেলোনার চিকিৎসকরা।

তবে সর্বশেষ পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা না পাওয়ায় আপাতত শঙ্কা কেটেছে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে এগোলে গেটাফের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনহাকে মাঠে দেখা যেতে পারে।

তথ্যসূত্র: গোল ডটকম