তেলআবীবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ককপিটের ভেতরে পাইলটের ওপর কুঠার নিয়ে হামলা ও বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনাকে একটি ‘সন্ত্রাসী আক্রমণ’ বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
শনিবার (৩ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম—এর বরাত দিয়ে দেশটির প্রসিকিউটর জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সের সরাসরি তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত ওই কো-পাইলটের নাম হাম্মাম আল-হাম্মামি, যিনি ওমানের নাগরিক। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, কো-পাইলট ককপিটের ভেতরে ক্র্যাশ এক্স বা কুঠার দিয়ে পাইলটের ওপর হামলা চালান এবং বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টা করেন। সাধারণত জরুরি পরিস্থিতিতে বিমানের বডি কেটে বের হওয়ার পথ তৈরি করার জন্য ককপিটে এই বিশেষ কুঠারটি রাখা হয়ে থাকে।
সংযুক্ত আরব আমিরাতের প্রসিকিউটর জেনারেল হামাদ সাইফ আল-শামসি—এর এই মন্তব্যই প্রথম কোনো আমিরাতি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে চিহ্নিত করল।


