...|...|...

জাতীয়

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও খুনের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র রক্ষা ও ফ্যাসিবাদ প্রতিরোধে যেভাবে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার কথা জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরুক। প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে এনে সাজা ভোগ করতে হবে। আদালতে আপিলের সুযোগ থাকলে তিনি সেই সুযোগ নিতে পারবেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবেশী অনেক দেশে জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেড়েছে। সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে।

এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে একাধিকবার দুঃখ প্রকাশ করেছেন।