ফেনী শহরে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্রাপ চক্রের দুই সক্রিয় নারী সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাতসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় ফেনী মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যোগাযোগমাধ্যম ব্যবহার করে হানি ট্রাপ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া চক্রের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত খালেদা আক্তার রুনা ওরফে ফারজানা (৪০) এবং হাজেরা আক্তার জেবু (৩৫)কে মহিপাল-চাঁড়ীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গণধর্ষণ মামলার আসামি আবদুর রাজ্জাক (৬২) এবং সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামি দিলবাহার ঝর্নাসহ মাদক কারবারি, মাদকসেবী, চোর ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীর বিভিন্ন মাদক স্পট এবং অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


