...|...|...

আইন ও আদালত

মাদ্রাসায় যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২১
Shares
মাদ্রাসায় যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ

মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইনসচিব ও ধর্মসচিব বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে উচ্চ আদালতে রিট আবেদন করার কথা বলা হয়েছে।

আইনি নোটিশে দেশের সব ধরনের মাদ্রাসায় অভিন্নভাবে প্রযোজ্য জাতীয় পর্যায়ে একটি ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হাইকোর্টে বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএনডব্লিউএলএ) একটি মামলায় দেওয়া নির্দেশনা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

নোটিশে যৌন নির্যাতনের অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিটি মাদ্রাসার প্রবেশপথ, করিডর, শ্রেণিকক্ষ এবং সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে।

আইনি নোটিশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা।