...|...|...

সারাদেশ

ফুটবল নিয়ে পুকুরে নেমেছিল ইয়াছিন, ফিরল নিথর দেহ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫০
Shares
ফুটবল নিয়ে পুকুরে নেমেছিল ইয়াছিন, ফিরল নিথর দেহ

ছবি: টাইমস টুডে

পটুয়াখালীর বাউফলে ফুটবল নিয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে প্রাণ হারিয়েছে ইয়াছিন মৃধা (৭) নামে এক শিশু।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন ওই এলাকার মহিষ ব্যবসায়ী মো. ফোরকান মৃধা ও ফাতেমা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে সবার ছোট।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ইয়াছিন তার ১২ বছর বয়সী মামা আব্দুল্লাহর সাথে পুকুরে সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ সাঁতার কাটার পর দুজনই পুকুর থেকে উঠে আসে। তবে কিছু সময় পর একটি ফুটবল নিয়ে আবারও পুকুরে নামে ইয়াছিন। সাঁতার কাটার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায় বলে ধারণা পরিবারের।

স্বজনেরা জানান, ইয়াছিন এর আগেও ফুটবল নিয়ে ওই পুকুরে সাঁতার কাটত। এবারও সাঁতার কাটার সময় ফুটবলটি তার কাছ থেকে দূরে চলে গেলে সেটি আনতে গিয়ে সে পানিতে ডুবে থাকতে পারে। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।