২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশ সময় আজ রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন।
বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।
অপ্টার তথ্য অনুযায়ী, অতিরিক্ত সময়ে না গিয়ে নির্ধারিত সময়েই স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ। বিপরীতে একই সময়ের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৯ দশমিক ৪ শতাংশ।
তবে ম্যাচটি যে সহজে নিষ্পত্তি নাও হতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছে সুপারকম্পিউটার। তাদের বিশ্লেষণ অনুযায়ী, ফাইনাল অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ।
অতীতের পরিসংখ্যানও দেখায়, স্পেন ও আর্জেন্টিনার লড়াই বরাবরই হয়েছে হাড্ডাহাড্ডি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ৬টি ম্যাচ, আর্জেন্টিনাও জয় পেয়েছে ৬টিতে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
সব পরিসংখ্যান মিলিয়ে অপ্টা সুপারকম্পিউটার স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি—তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।


