...|...|...

বিনোদন

প্রেমের গল্পে পিস্তল হাতে শাকিব খান, আসছে ‘মোহাব্বত’!

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১১:১৪
Shares
প্রেমের গল্পে পিস্তল হাতে শাকিব খান, আসছে ‘মোহাব্বত’!

ভালোবাসা, প্রতিশ্রুতি আর লড়াই— এই তিনের মিশেলে নতুন গল্প নিয়ে ফিরছেন শাকিব খান। গত কয়েক বছরে ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় একের পর এক ঝড় তোলার পর এবার যেন প্রেমিক পুরুষ অবতারে আসছেন ঢালিউডের এই মেগাস্টার।

ঈদুল আজহা ২০২৭-কে সামনে রেখে নিজের নতুন সিনেমা ‘মোহাব্বত’-এর ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল পোস্টার প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘Sometimes, love comes with a price, a promise, and a fight…’ এরপরই তিনি জানান, ‘মোহাব্বত’ হতে যাচ্ছে এক নতুন গল্প ও নতুন যাত্রার শুরু।

প্রকাশিত পোস্টারে প্রেমের পাশাপাশি মিলেছে গল্পের আভাস ও অ্যাকশনের ইঙ্গিত। সেখানে দেখা যায়, লাল-সাদা পোশাকের এক নারীর হাত ধরে এগিয়ে চলেছেন কালো ওভারকোট পরা এক পুরুষ যার হাতে পিস্তল আর চারপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। সব মিলিয়ে তৈরি হয়েছে রহস্যময় আবহ। পুরুষ চরিত্রটি শাকিব খান বলে ধারণা করা হলেও নায়িকা কে, তা এখনো জানানো হয়নি।

‘মহব্বত’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও এই নির্মাতার সাথে জুটি বাঁধলেন শাকিব। দুই বছর পর হিমেলের পরিচালনায় ফিরছেন এই অভিনেতা। সিনেমাটি প্রযোজনা করছেন বরাবরের মতো আরশাদ আদনান।

ফলে আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে এই সফল নির্মাতা-প্রযোজক-অভিনেতা ত্রয়ী আবারও আসছেন প্রেমের গল্প নিয়ে দর্শকমনে ঝড় তুলতে।