...|...|...

বিনোদন

গাড়ি না কিনে দেড় কোটি টাকা বিলিয়ে দিয়েছিলেন কৃষকদের মাঝে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
গাড়ি না কিনে দেড় কোটি টাকা বিলিয়ে দিয়েছিলেন কৃষকদের মাঝে

ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেতা নানা পাটেকরের মানবিকতার নানা দৃষ্টান্ত সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসছে। এর মধ্যে অন্যতম কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়াতে ১ কোটি ৫০ লাখ রুপির গাড়ি কেনার সিদ্ধান্ত বদলে ফেলার ঘটনা। এনডিটিভি সূত্রে জানা গেছে।

চলতি মাসের শুরুতে ভারতীয় চিত্রনাট্যকার, ঔপন্যাসিক ও পরিচালক রণবীর পুষ্প এক পডকাস্টে নানার এই মানবিকতার কথা জানান। তিনি বলেন, কৃষক আত্মহত্যার খবর দেখে গভীরভাবে ব্যথিত হয়েছিলেন নানা। পরদিনই তার একটি ১ কোটি ৫০ লাখ রুপির গাড়ি কেনার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে ওই অর্থ কৃষক পরিবারের সহায়তায় দেওয়ার উদ্যোগ নেন তিনি।

সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে রণবীর পুষ্প বলেন, একদিন তিনি টেলিভিশনে দেখছিলেন, অনেক কৃষকের আত্মহত্যার পর তাদের পরিবারগুলো কীভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। পরদিন তার ১ কোটি ৫০ লাখ রুপির একটি গাড়ি কেনার কথা ছিল। কিন্তু তিনি তার এক শিল্পী বন্ধুকে ফোন করে ১৫ হাজার রুপির চেক তৈরি করে কৃষক পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে বলেন। কৃষকদের পাশে দাঁড়ানোর এই মানসিকতা থেকেই পরে নাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন নানা পাটেকর। কৃষক আত্মহত্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কাজ করে সংগঠনটি। রণবীর পুষ্পের ভাষ্য অনুযায়ী, সংগঠনটি এখন পর্যন্ত অর্থ সংগ্রহ করেছে।

নানা পাটেকরের রাগী স্বভাব নিয়ে প্রচলিত নানা কথারও ব্যাখ্যা দেন রণবীর পুষ্প। তার দাবি, নানা অকারণে রেগে যেতেন না, অন্যায় বা দায়িত্বহীনতা দেখলেই প্রতিবাদ করতেন। একটি ঘটনার কথা উল্লেখ করে রণবীর জানান, এক ব্যক্তি গাড়ি থেকে রাস্তায় বোতল ছুড়ে ফেলেছিলেন। বিষয়টি দেখে নানা গাড়ি থামিয়ে বোতলটি তুলে নেন। এরপর ট্রাফিক সিগন্যালে ওই ব্যক্তির গাড়ির পাশে গিয়ে তাকে জানালা খুলতে বলেন। নানা তাকে প্রশ্ন করেছিলেন, ভারতকে পরিষ্কার রাখবে কে? গান্ধীজি চলে গেছেন, কিন্তু তুমি তো এখনো এই পৃথিবীতে আছ। একজন নাগরিক হিসেবে দেশকে পরিষ্কার রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার গাড়িটাকে যদি ডাস্টবিন ধরে বোতলটি ভেতরে ছুড়ে দিই, কেমন হবে?

রণবীর পুষ্পের সাথে নানা পাটেকরের পেশাগত সম্পর্কও ছিল। অগ্নিসাক্ষী সিনেমায় রণবীর ছিলেন চিত্রনাট্যকার এবং নানাই ছিলেন প্রধান অভিনেতা। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর ১৯৭৮ সালে গমন সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরিন্দা, প্রহার, ক্রান্তিবীর, আব তক ছাপ্পান, অপহরণ, যশবন্ত, নটসম্রাট ও ওয়েলকাম-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি নিজস্ব জায়গা তৈরি করেন। অভিনয়ের জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০১৩ সালে পদ্মশ্রী সম্মান পান নানা। ওয়েলকাম ও ওয়েলকাম ব্যাক-এ উদয় শেঠি চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। হাউসফুল ৫-এও তাকে দেখা গেছে।

৭৫ বছর বয়সে গোয়ার নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুর মাত্র চার দিন আগেও গোয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন তিনি। তার দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগও এখন তার উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকছে।