...|...|...

বিনোদন

রাজনৈতিক বিরোধ ছাপিয়ে একসাথে হানি সিং-আতিফ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
রাজনৈতিক বিরোধ ছাপিয়ে একসাথে হানি সিং-আতিফ

ছবি: সংগৃহীত

ভারতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধের মধ্যে এবার দুবাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে একসাথে দেখা গেল ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে। শুধু একসাথে উপস্থিতিই নয়, পাকিস্তানি সংগীতশিল্পী আব্রার উল হকের গানে নাচতেও দেখা গেছে দুই তারকাকে। তাদের সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গালফ নিউজ থেকে জানা গেছে, দুবাইয়ে এক অভিন্ন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানি সিং ও আতিফ আসলাম। সেখানেই অতিথিদের সাথে আনন্দে মেতে ওঠেন দুই শিল্পী। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাচের ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, আব্রার উল হকের জনপ্রিয় গানের তালে নাচছেন হানি সিং ও আতিফ। নবদম্পতিকে অভিনন্দন জানাতেও দেখা যায় তাদের।

দুই শিল্পীর একসাথে তোলা একটি ছবিও প্রকাশ করেন সাদিক। সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি দুজনের প্রশংসা করেন। তার ভাষ্য, হানি সিং বেশ স্টাইলিশ পোশাকে অনুষ্ঠানে এসে পুরো আয়োজনে প্রাণবন্ত পরিবেশ তৈরি করেন। অন্যদিকে আতিফ ছিলেন শান্ত ও স্বভাবসুলভ সংযত।

সাদিক আরও জানান, কনসার্টের মহড়ায় ব্যস্ত থাকার পরও নিজের কথা রাখতেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আতিফ। তাকে কাছে পেয়ে আনন্দিত ছিলেন আয়োজকেরা। দক্ষিণ এশিয়ার সংগীতজগতে দুই দেশের দুই জনপ্রিয় শিল্পী হানি সিং ও আতিফ আসলামের আলাদা পরিচিতি রয়েছে। তবে পাকিস্তানি শিল্পী হওয়ায় ভারতে আতিফের গান ও শিল্পীজীবন ঘিরে নানা বিধিনিষেধ রয়েছে। এমন প্রেক্ষাপটে দুবাইয়ের বিয়ের আসরে দুই তারকার একসাথে নাচের দৃশ্য ভক্তদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে।