একসাথে গান গাইতে গিয়ে পরিচয়, সেখান থেকে প্রেম, এরপর বিয়ে। তবে নানা টানাপোড়েনের পর পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদী। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীর সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ন্যান্সি।
ফেসবুক পোস্টে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ন্যান্সি লিখেছেন, ‘আমি ও মেহেদী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তা শেষ হলো। দীর্ঘ সময় একসঙ্গে কাটানো স্মৃতি আর অভিজ্ঞতার পর, এখন আমরা নিজ নিজ পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।’
বিচ্ছেদের খবর প্রকাশের পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানিয়েছেন এই শিল্পী। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘যারা বরাবরই আমাদের খোঁজখবর রেখেছেন এবং ভালোবাসায় আগলে রেখেছেন, এই মুহূর্তে তাদের কাছে আমাদের অবস্থা বোঝার, শ্রদ্ধা জানানোর এবং গোপনীয়তা রক্ষার বিনীত অনুরোধ করছি।’
জীবনের নতুন অধ্যায় নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ন্যান্সি। তিনি লিখেছেন, “জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সবসময় পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।”
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি ছিল তার জীবনের তৃতীয় বিয়ে।


