দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত এই অভিনেতা বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মামুনুর রশীদের অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি জানান, গত পাঁচ থেকে ছয় দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন ধরে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সুজাত শিমুল।এর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা।
২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে দেশটির একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার দুই ফুসফুসে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ শনাক্ত হয়।
সে সময় টানা ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন মামুনুর রশীদ। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবারও নিয়মিত অভিনয়ে যুক্ত হন।
বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পরিচিত মুখ মামুনুর রশীদ পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
১৯৭২ সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। বাংলাদেশের নাট্যচর্চায় দলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তাঁর বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম।
শৈশব থেকেই নাটকের প্রতি আগ্রহী ছিলেন তিনি। স্কুলজীবনে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু করেন। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে নাট্যচর্চায় আরও সক্রিয় হয়ে ওঠেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই অভিনেতা।


