বিমানে পাশাপাশি বসে শাকিব খান ও তানজিয়া জামান মিথিলার ভ্রমণের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগে, নতুন কোনো কাজের জন্য কি একসঙ্গে বিদেশে পাড়ি জমিয়েছেন এই দুই তারকা?
তবে নতুন সিনেমার শুটিং নয়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্রে গেছেন তারা। মিথিলার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন শাকিব ও মিথিলা। ইতোমধ্যে সেখানে পৌঁছানোর কথাও জানিয়েছেন তিনি।
বিমানে তোলা কয়েকটি ছবির পাশাপাশি অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও প্রকাশ করেছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
এই বার্তার মধ্য দিয়ে দুই তারকার একসঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তাঁদের উল্লেখ করা ‘আগুন’ ও ‘এলিনা’ নাম দুটি এসেছে ‘রকস্টার’ সিনেমা থেকে। ছবিটিতে শাকিব খান অভিনয় করেছিলেন আগুন চরিত্রে, আর মিথিলার চরিত্রের নাম ছিল এলিনা।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসর। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে তানজিয়া জামান মিথিলারও।
দুই তারকার একসঙ্গে নিউইয়র্ক যাত্রা ঘিরে ভক্তদের কৌতূহল তৈরি হলেও, তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সফরের উদ্দেশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া।

