ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই ভক্তদের উন্মাদনা ও কৌতূহল। তার পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের আগ্রহের কমতি নেই। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না এই চিত্রনায়ক, তবে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দুই যুগের দীর্ঘ ক্যারিয়ার, চলচ্চিত্র শিল্পের নানা দিক এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
আলাপচারিতার একপর্যায়ে নিজের অতীতের ভুল ও আক্ষেপ নিয়ে কথা বলে আলোচনায় আসেন তিনি, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
সাক্ষাৎকারে শাকিব খানের কাছে জানতে চাওয়া হয়- জীবনে তিনি কোনো ভুল করেছেন কি না। জবাবে কোনো রাখঢাক না রেখেই অভিনেতা স্বীকার করেন যে তিনি জীবনে অনেক ভুল করেছেন। পেছন ফিরে তাকালে অনেক সময় তার মনে হয়, এমন ভুলগুলো না করলেও পারতেন।
ভুলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাকিব খান বলেন, ‘ওই যে-কপাল! সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো জীবন আরও মসৃণ হতে পারত।’
তিনি আরও বলেন, মানুষ মাত্রই ভুল হয়। যখন নিজের সাথে বসেন এবং জীবনের হিসাব-নিকাশ করেন, তখন অনেক কিছু পাল্টাতে চান; কিন্তু চাইলেও সব পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক কিছুই মানুষের হাতের বাইরে থাকে। যদিও তিনি একাধিক ভুলের কথা স্বীকার করেছেন, তবে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার নাম উল্লেখ করেননি।
সাক্ষাৎকারের একপর্যায়ে সঞ্চালক তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে ইশারা করলে শাকিব খান স্পষ্ট জানিয়ে দেন, তারা দুজনেই তার জীবনের একটি অংশ। তবে তাদের নিয়ে তিনি আর নতুন করে কিছু বলতে চান না এবং এই বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন।
বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অপসংস্কৃতি ও অতিরঞ্জিত খবর নিয়ে হতাশা প্রকাশ করে এই তারকা বলেন, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় এমন বিষয়ের সাথে তার নাম জড়িয়ে দেওয়া হয় যার সাথে তার দূরতম কোনো সম্পর্কও নেই। এসব কারণেই তিনি এখন আগের চেয়ে অনেক বেশি অন্তর্মুখী জীবনযাপন করছেন বলে জানান।


