...|...|...

বিনোদন

নানা পাটেকারের শেষকৃত্যে হাজির ছিলেন যারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৪
Shares
নানা পাটেকারের শেষকৃত্যে হাজির ছিলেন যারা

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে শেষবিদায় জানানো হলো তার নিজের খামারবাড়িতে। অভিনেতার শেষ ইচ্ছা অনুযায়ী, ভারতের মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে ডোঞ্জে গ্রামের ওই খামারবাড়িতেই বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ৭৫ বছর বয়সে এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন ও তার অসংখ্য ভক্তের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার লাশ পুনের ডোঞ্জে গ্রামের খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

নানার শেষযাত্রায় অংশ নেন পরিবারের সদস্য, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, রাজনীতিবিদ ও অসংখ্য ভক্ত। শেষকৃত্যে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও মুরলিধর মোহোলসহ বিশিষ্ট ব্যক্তিরা। বলিউডের অভিনেতা জ্যাকি শ্রফ, নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা এবং অভিনেতা মকরন্দ আনাসপুরেও তাকে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত শেষকৃত্যে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এই অভিনেতাকে। তার ছেলে মালহার পাটেকর মুখাগ্নি করেন। শেষবারের মতো প্রিয় অভিনেতাকে দেখতে খামারবাড়িতে ভিড় করেন বহু মানুষ।

দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকর নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর জন্য বিশেষ পরিচিতি অর্জন করেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু তার। পরে ‘পারিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’ ও ‘খামোশি: দ্য মিউজিক্যাল’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। গম্ভীর চরিত্রের পাশাপাশি ‘ওয়েলকাম’র মতো সিনেমায় তার অভিনয় দর্শকদের বিনোদিত করেছে।

অভিনয়ের বাইরে সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন নানা পাটেকর। বিশেষ করে কৃষকদের সহায়তায় ‘নাম ফাউন্ডেশন’র কার্যক্রমের মাধ্যমে তিনি পরিচিতি পান। অভিনয় ও সমাজসেবায় অবদানের জন্য দীর্ঘদিন ধরে প্রশংসিত এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।

পর্দায় নানা পাটেকরের শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ধরন এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের স্মৃতি এখন তার ভক্তদের মনে। নিজের খামারবাড়িতে শেষবিদায় নেওয়ার মধ্য দিয়ে পর্দার এই দাপুটে অভিনেতার দীর্ঘ জীবনের ইতি ঘটল।