বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সতর্কবার্তা ও নির্দেশনা জারি করেছে মানামার বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রবাসীদের স্থানীয় আইন, সাইবার বিধিমালা ও কর্মস্থলের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের আরও দায়িত্বশীল হতে হবে। নিয়োগকর্তা কিংবা কর্মস্থলের কোনো স্পর্শকাতর ছবি, তথ্য ও ভিডিও অনুমোদনের আগে অনলাইনে প্রচার করা যাবে না। একই সাথে অনলাইনে অপরিচিত ব্যক্তির পাঠানো অনাকাঙ্ক্ষিত লিংক, তথ্য চুরি (ফিশিং) এবং প্রতারণামূলক ফাঁদ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উগ্রবাদ, রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক সংঘাতমূলক বিষয়ে অনলাইনে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন কিংবা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো উসকানিমূলক পোস্ট, শেয়ার বা মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর, বন্দর বা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও তোলা এবং নিজের পাসপোর্ট, ভিসা ও ব্যাংক হিসাবের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি ও ভুয়া ভিসার প্রলোভনে পড়ে প্রতারিত না হতেও প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।


