...|...|...

বিশ্ব

পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, সকাল ৭:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৮
Shares
পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণ ও মেরামতের কাজ শুরু করেছে ইরান। তবে এসব কার্যক্রম পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো দাবি করা হয়নি।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় নতুন নির্মাণকাজ, খনন এবং ভারী যন্ত্রপাতির চলাচলের আলামত স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এসব চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিবেদনে বিশেষভাবে তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সের তালেগান-২ স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে নতুন খননকাজ, কংক্রিট নির্মাণ এবং মেরামতের বিভিন্ন চিহ্ন দেখা গেছে, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে।

এছাড়া ইসফাহানের কাছে পিকঅ্যাক্স মাউন্টেন এলাকার ভূগর্ভস্থ স্থাপনায় ট্রাক ও ভারী যন্ত্রপাতির চলাচলও শনাক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব কার্যক্রম ভূগর্ভস্থ স্থাপনায় প্রবেশপথ পুনরুদ্ধার অথবা ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের সঙ্গে সম্পর্কিত হতে পারে।