পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। বুধবার (২১ অক্টোবর) ভোরে প্রদেশটির রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকায় ইন্দুস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ দুর্ঘটনার খবর প্রকাশ করেছে এএনআই নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দ্রুতগতিতে চলার সময় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৮ জনের বেশি যাত্রীকে রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে ডেরা গাজি খান এবং আরও দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাকিস্তানের উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয় ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধারকারী ইউনিট। উদ্ধার অভিযানে সংস্থাটির ৩৫ জন কর্মী অংশ নেন।
এর আগে গত আগস্টে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু-ডেরা গাজি খান মহাসড়কে বিয়ের যাত্রী বহনকারী একটি বাস উল্টে দুজন নিহত ও ৪২ জন আহত হন। পুলিশ জানিয়েছিল, ওই বাসে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনাটি ঘটে।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা ও যাত্রী পরিবহনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।


