...|...|...

বিশ্ব

পরমাণু স্থাপনা পরিদর্শন ইস্যুতে ভ্যান্সের দাবি নাকচ করলো ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, দুপুর ২:৫৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৩
Shares
পরমাণু স্থাপনা পরিদর্শন ইস্যুতে ভ্যান্সের দাবি নাকচ করলো ইরান

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে ইরান। এছাড়া দেশটির পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য জাতিসংঘের এই সংস্থাকে অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (২৩ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের করা দাবি পুরোপুরি নাকচ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এসব তথ্য জানান।

তিনি বলেন, 'এই ধরনের পরিদর্শনের জন্য কোনো প্রটোকল নেই।' তিনি আরও যোগ করেন, 'ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর সদস্য হিসেবে এবং আইএইএ-এর সঙ্গে সেফগার্ডস চুক্তির আওতায় তার বর্তমান প্রতিশ্রুতিগুলো পালন করে যাবে।'

ইরানের এই মন্তব্য জেডি ভ্যান্সের দেওয়া বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এর আগে গতকাল ভ্যান্স বলেছিলেন, 'ইরানিরা তাদের দেশে আইএইএ পরিদর্শকদের পুনরায় আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।'

এর আগে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রতি ইরানের এই কথিত আমন্ত্রণকে আমেরিকান জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির সমাপ্তি ঘটানোর প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন।

তবে বাগাইয়ের এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান সুদূর ভবিষ্যতের (অনন্তকাল) জন্য সর্বোচ্চ স্তরের পরমাণু পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে।