...|...|...

বিশ্ব

ছাঁটাইয়ের ঝুঁকিতে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৮
Shares
ছাঁটাইয়ের ঝুঁকিতে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ সামরিক নেতৃত্ব তথা জেনারেল ও অ্যাডমিরালদের পদ ২০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এতে করে শীর্ষ সামরিক পদে ছাঁটাইয়ের পরিমাণ আগের অনুমানের চেয়ে দ্বিগুণ হতে পারে। মার্কিন গণমাধ্যমের বরাতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ ও এবিসি নিউজ জানিয়েছে, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার ‘মেরিন কোর বেস কোয়ান্টিকো’তে প্রদত্ত ‘স্টেট অব দ্য ফোর্স’ ভাষণে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই বড় ধরনের ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক ফক্স নিউজ উপস্থাপক হেগসেথ পেন্টাগনের সামরিক প্রশাসনে চরম কড়াকড়ি আরোপ করেছেন।

একের পর এক বরখাস্ত ও পদাবনতির মাধ্যমে শীর্ষ পর্যায়ে তিনি বড় রদবদল আনছেন, যেখানে নারী ও সংখ্যালঘু কর্মকর্তারা বেশি প্রভাবের মুখে পড়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে মার্কিন যুদ্ধ শুরুর পর এপ্রিলে সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেন হেগসেথ। এর আগে যুদ্ধ শুরুর ঠিক মুখে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকেও বরখাস্ত করা হয়।

এছাড়া হেগসেথের সঙ্গে নীতিগত বিরোধের জেরে চলতি মাসের শুরুতে পদত্যাগ করেন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সপ্তম মাসে গড়াচ্ছে। সম্প্রতি পেন্টাগনের প্রতিবেদনে স্বীকার করা হয়েছে—ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জামের ক্ষতির পরিমাণ আগের ধারণার চেয়ে অনেক বেশি।

যুদ্ধ চলাকালে সামরিক নেতৃত্বের শীর্ষভাগে এমন নজিরবিহীন ছাঁটাই সামরিক কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।