...|...|...

বিশ্ব

পবিত্র আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের নিন্দা জানাল ইরান ও মুসলিম ওয়ার্ল্ড লিগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫১
Shares
পবিত্র আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের নিন্দা জানাল ইরান ও মুসলিম ওয়ার্ল্ড লিগ

ছবি: সংগৃহীত

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রবেশ ও সেখানে ইহুদি ধর্মীয় আচার পালনের ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান ও মুসলিম ওয়ার্ল্ড লিগ। সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে গাজায় ব্যাপক প্রাণহানি, অনাহার ও ফিলিস্তিনিদের আটকের বিষয় উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ আনা হয়। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অনুপ্রবেশেরও নিন্দা জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সহিংসতা বন্ধ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে—এমন ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ বিরোধিতা করে।

ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে ইহুদি ধর্মীয় আচার পালন করার পর ইরান ও মুসলিম ওয়ার্ল্ড লিগের এসব প্রতিক্রিয়া এলো।

কয়েক দশক ধরে চলে আসা একটি সমঝোতা অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণের ধর্মীয় ব্যবস্থাপনা জর্ডানের একটি ধর্মীয় সংস্থার অধীনে। সেখানে অমুসলিমদের পরিদর্শনের অনুমতি থাকলেও প্রার্থনার অনুমতি নেই।

এর আগে গত ৩১ আগস্টও বেন-গভির একইভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।