...|...|...

খুলনা

পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, রাত ৮:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৮
Shares
পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো আলিফ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ কষবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে। উদ্ধার হওয়া তিন শিশু হলো—ওমর ফারুক জনি (৯), আব্দুল আহাদ (১০) ও জিহাদ (১১)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বালুবাহী ট্রলিতে ওই চার শিশু উঠে পড়েছিল। ট্রলিটি নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে জায়গা দিতে গেলে পেছনের চাকা পিচলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পদ্মা নদীতে উল্টে পড়ে এবং শিশুরা পানিতে পড়ে যায়।

এ সময় ট্রলির চালক পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আলিফ স্রোতে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা অভিযান শুরু করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে সমন্বয় করে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।