...|...|...

রাজশাহী

পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠল ছাত্রদল নেতার লাশ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৮
Shares
পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠল ছাত্রদল নেতার লাশ

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে পিকনিকের নৌকা ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাটে লাশটি পাওয়া যায়।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফি খান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল। মৃত রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

পিকনিকে নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত ৯টার পর হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন। কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি।