নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, নেপাল ও তিব্বত সীমান্তে সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলা এবং পার্শ্ববর্তী তিব্বত সীমান্ত এলাকায় ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নেপালি ও বিদেশি পর্যটকসহ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
তিনি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একই সাথে দুর্গত এলাকার মানুষের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিহতদের আত্মার মাগফিরাত ও যথাযথ মর্যাদা কামনা করেন। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার হন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন—এমন প্রার্থনাও করেন তিনি।
এ কঠিন সময়ে নেপাল সরকার, দেশটির জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


