...|...|...

বিশ্ব

নেদারল্যান্ডসে উবারকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৫
Shares
নেদারল্যান্ডসে উবারকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা

উবারকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা। ছবি: এআই জেনারেটেড

চালকদের অ্যাকাউন্ট মানবিক যাচাই ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার অভিযোগে উবারকে ৮২৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। মার্কিন ডলারে এ অর্থের পরিমাণ প্রায় ৯৬৪ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৮ বিলিয়ন টাকা। ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

টেক এক্সপ্লোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত উবার সফটওয়্যারের মাধ্যমে চালকদের অ্যাকাউন্ট স্থগিত ও কখনো স্থায়ীভাবে বন্ধ করেছে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ক্ষেত্রেই কোনো মানবকর্মী তা পর্যালোচনা করেননি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চালকদের অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত ভুল কি না, তা যাচাইয়ের যথাযথ সুযোগও দেওয়া হয়নি। একই সাথে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের পর্যাপ্তভাবে জানানো হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের সাধারণ ডেটা সুরক্ষা বিধিমালা (জিডিপিআর) অনুযায়ী, কোনো ব্যক্তির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। উবারের কার্যক্রম এসব নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে জরিমানার সিদ্ধান্ত মেনে নেয়নি উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। উবারের দাবি, অভিযোগের সাথে সংশ্লিষ্ট নীতিগুলো কয়েক বছর আগের এবং সেগুলো ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বর্তমানে চালকদের আয়-রোজগারে প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তে মানবিক পর্যালোচনা, সুরক্ষা ব্যবস্থা ও আপিলের সুযোগ রাখা হয়েছে।

নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের সাথে উবারের এটাই প্রথম বিরোধ নয়। এর আগে ২০২৪ সালে ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য যথাযথ সুরক্ষা ছাড়াই যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৯০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল।