...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে মার্কিন বাহিনীতে হতাহত বেড়ে ৭৭৪

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:১৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
ইরান যুদ্ধে মার্কিন বাহিনীতে হতাহত বেড়ে ৭৭৪

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়ে ৭৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৮ জন নিহত এবং ৭৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

শুক্রবার ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমের সর্বশেষ তথ্য প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এতে ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই সংঘাতকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় ‘অপারেশন এপিক ফিউরি’, যেখানে যুদ্ধ শুরুর সময় থেকে ৭ জুলাই পর্যন্ত হতাহতের হিসাব রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৭ জুলাইয়ের পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতির তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম পর্যায়ে মার্কিন বাহিনীর ১৪ জন নিহত হন। এর মধ্যে সাতজনকে শত্রুপক্ষের হামলায় নিহত হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর বাকি সাতজনের মৃত্যু দুর্ঘটনা বা অনির্ধারিত কারণে হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে, যেটিকে ‘বিদেশী অভিযান’ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে মার্কিন বাহিনীর চারজন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, পুরো সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মার্কিন সেনাবাহিনী। ২৮ ফেব্রুয়ারি থেকে দুই পর্যায় মিলিয়ে দেশটির সেনাবাহিনীর ১১ জন নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন।

এই দ্বিতীয় পর্যায়ের সংঘাত শুরু হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত শেষ ঘোষণা করার পর এবং তেহরানের সঙ্গে করা সমঝোতা স্মারক অকার্যকর হয়ে পড়ার পর।

তথ্যসূত্র: ইয়েনি সাফাক