ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এখন কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির (ওয়ানা) বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোহেব্বি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে। অন্য কয়েকটি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
আইআরজিসির এই মুখপাত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে ওয়াশিংটন।
সাম্প্রতিক কয়েক মাসে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের চালানো বেশির ভাগ হামলাই প্রতিহত করা হয়েছে।


