...|...|...

জাতীয়

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪
Shares
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন।

এবারের সফরে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সফরের সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট ও তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন তিনি।

সফরকালে নিউইয়র্কে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সাথে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, নিউইয়র্কের সব কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।