...|...|...

বিশ্ব

নাইজেরিয়ার জেলখানায় ৩৭ কারাবন্দির রহস্যজনক মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৮
Shares
নাইজেরিয়ার জেলখানায় ৩৭ কারাবন্দির রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

অবৈধ খনিজ উত্তোলনের অভিযোগে আটক থাকা ৩৭ কারাবন্দির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে নাইজেরিয়া পুলিশ। তবে কর্মকর্তারা এই মৃত্যুর জন্য রোগাক্রান্ত হওয়াকে দায়ী করলেও, একজন বেঁচে যাওয়া বন্দির দাবি—অতিরিক্ত ভিড় ও ভেন্টিলেশনের অভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

নাইজার স্টেটের সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কর্পস-এর প্রধান সুবিরু সিয়াকা আনিভিয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার ও বুধবার অবৈধ মাইনিং বা খনি উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানের সময় এই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, ছোট পরিসরে স্বর্ণ উত্তোলনের জন্য এই অঞ্চলটি বেশ পরিচিত।

কর্মকর্তারা ধারণা করছেন কোনো রোগের প্রাদুর্ভাবই এই মৃত্যুর কারণ, তবে আনিভিয়ে জানান যে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশগুলো আরও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি ঠিক কী ধরনের রোগের সন্দেহ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে বেঁচে যাওয়া দাউদ শেহু নামের এক বন্দি দ্য অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ৬৫ জন বন্দিকে একটি অপর্যাপ্ত ভেন্টিলেশনের ছোট সেলে গাদাগাদি করে আটকে রাখা হয়েছিল, যা থেকে ধারণা করা যায় তারা শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

শেহু বলেন, আমাদের গাদাগাদি করে রাখা হয়েছিল এবং ভালোভাবে শ্বাস নেওয়ার মতো কোনো ভেন্টিলেশন ছিল না। হঠাৎ করেই আমরা বুঝতে পারলাম যে আমরা শ্বাস নিতে পারছি না এবং আমরা সবাই তাজা বাতাসের জন্য ছোটাছুটি শুরু করি।

মিন্না জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেহু জানান, বন্দিরা সেলের দরজায় কড়া নেড়ে নিরাপত্তা প্রহরীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন।

এদিকে, তদন্তকারীরা ভুক্তভোগীদের আত্মীয়দের যেকোনো তথ্য দিয়ে তদন্তে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নাইজার স্টেটের গভর্নর ফার্মার মোহাম্মদ উমরু বাগো তিন দিনের শোক ঘোষণা করেছেন এবং ঘটনাটিকে দুঃখজনক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, এই ঘটনার পর এনএসসিডিসি কমান্ডার আনিভিয়েকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।