...|...|...

অর্থনীতি

নবম জাতীয় পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ৩:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১
Shares
নবম জাতীয় পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব জটিলতা দ্রুত সমাধান করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট জারি করতে চায় সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সাথে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয় করা হতে পারে।

এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য থাকলেও বেতন বৃদ্ধির হার, ভাতা নির্ধারণ এবং সরকারের আর্থিক সক্ষমতা পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যায়।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে আরেকটি বৈঠকের পর চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও জানান তিনি।

তবে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে, পে কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি। পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর সাথে সমন্বয়ের বিষয়টিও চূড়ান্ত প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।