ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এতে চলমান গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে এসব এলাকায় তাপমাত্রা কমার পাশাপাশি গরমের অনুভূতিও কিছুটা কমতে পারে।
এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গরমে অস্বস্তিতে থাকা মানুষের জন্য আগামী কয়েক দিন কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে।
অন্যদিকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


