ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করার লক্ষ্যে সরকার ২২ সদস্যের একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এই টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
নবগঠিত এই টাস্কফোর্সে আরও চারজন মন্ত্রীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিবকে (সামষ্টিক ও টিডিএম) এই টাস্কফোর্সের সদস্য-সচিব করা হয়েছে।
টাস্কফোর্সের সদস্য হিসেবে আরও আছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নিয়ন্ত্রক সংস্থার প্রধান ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা।
এই টাস্কফোর্স খাতভিত্তিক সংস্কারের রূপরেখা অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে। একই সঙ্গে লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক ও স্থানীয় সেবায় অপ্রয়োজনীয় ধাপ দূর করে ব্যবসা সহজীকরণের কাজ করবে।


