নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তে বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামার পর তারা পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতে তারা নিখোঁজ হয়।
দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


