...|...|...

জাতীয়

দ্বৈত নাগরিকত্ব থাকলে উপদেষ্টা হওয়া গেলেও মন্ত্রী হওয়া যায় না কেন?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১১:৫২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৫
Shares
দ্বৈত নাগরিকত্ব থাকলে উপদেষ্টা হওয়া গেলেও মন্ত্রী হওয়া যায় না কেন?

ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বিএনপি সরকারের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বিদেশি নাগরিকত্ব রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল আনে। এতে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন প্রতিমন্ত্রীদের একজন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কয়েকটি গণমাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন।

জবাবে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি। বরং তিনি জানতে চান, ‘কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা?’ তার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অনেকে প্রশ্ন তুলেছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে একজন ব্যক্তি কীভাবে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন না কেন?

বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব বা আনুগত্য থাকা অযোগ্যতার কারণ হতে পারে। আর যেহেতু মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাধারণত সংসদ সদস্যদের মধ্য থেকেই নিয়োগ পান, তাই তাদের ক্ষেত্রেও এ ধরনের সাংবিধানিক বিধিনিষেধ প্রযোজ্য হয়।

অন্যদিকে, উপদেষ্টা পদটি সাংবিধানিকভাবে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমতুল্য নয়। এটি সরকারের একটি প্রশাসনিক বা পরামর্শমূলক দায়িত্ব। ফলে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে মন্ত্রী বা সংসদ সদস্যদের মতো একই সাংবিধানিক শর্ত সবসময় প্রযোজ্য হয় না।

এ কারণে দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।

হুমায়ুন কবিরের নাগরিকত্বের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।