ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার বিকল্প দায়িত্ব পালনকারী মন্ত্রীদের নামও নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে ড. আব্দুল মঈন খানকে। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আর তার অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন ছয় সদস্য শপথ নেন। শপথের পর তাদের মধ্যে দফতর বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়।
নতুন দায়িত্ব অনুযায়ী, ড. আব্দুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাচিং প্রু পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
নতুন দফতর বণ্টন ও পুনর্বণ্টনের পর সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এ দায়িত্ব বণ্টন করেছে সরকার।


