পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রয়োজনীয় ইউরেনিয়ামের নতুন চালান দেশে এসে পৌঁছেছে। রাশিয়া থেকে রওনা হওয়া ইউরেনিয়ামবাহী বিশেষ বিমানটি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা বিমানবন্দরে চালানটি গ্রহণ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ে ইউরেনিয়ামের এই চালান রাতে সড়কপথে রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া শুরু হয়।
এর আগে বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আন্তর্জাতিক নিরাপত্তার নীতি মেনে ইউরেনিয়াম পরিবহনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে পৌঁছাবে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফল হলেও তৃতীয় ধাপে আশানুরূপ ফল মেলেনি।
তবে বিষয়টি খুব দ্রুতই সমাধান করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেছেন প্রকল্প পরিচালক ড. কবির হোসেন। এই পরীক্ষামূলক প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই দেশে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।


