ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকায় এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংসদ সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের তালিকা পাওয়ার পর দ্রুত কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, সাধারণত অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের মতো সংক্ষিপ্ত হতে পারে। তবে প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।
এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকা ও এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল এবং সব ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


