...|...|...

জাতীয়

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ১০:৫১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬
Shares
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।

প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপতি।