মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। এখন আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এসব কাজ সারা যাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি জমা দিলেই চলবে। জরিমানা দিতে হবে না।
সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এই সুযোগে হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও।
বিআরটিএ একে ‘শেষবারের মতো’ সুযোগ হিসেবে উল্লেখ করেছে। গ্রাহকদের অনুরোধ করা হয়েছে ২৯ অক্টোবরের মধ্যেই সব কাগজপত্র হালনাগাদ করে নিতে।
এর আগে আরেক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছিল, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে এখন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

