...|...|...

সারাদেশ

গর্ভের সন্তানসহ ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৭
Shares
গর্ভের সন্তানসহ ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সাথে নূর জাহানের বিয়ে হয়। আগামী মাসেই তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে শারীরিকভাবে নানা সমস্যা দেখা দিলে তাকে কুমিল্লায় চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করত। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।

তিনি জানান, বাদ জোহর নূর জাহানের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল অংশ নেয়।