কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।
রোববার (২৮ জুন) সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন— মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
তিনি জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ শিকারে যান। একপর্যায়ে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলারসহ পাঁচ জেলেকে জোরপূর্বক মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।
আবুল কালাম আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য মাছ ধরার ট্রলারগুলো দ্রুত এলাকা ত্যাগ করায় তারা অপহরণের হাত থেকে রক্ষা পায়।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী সাগর এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে। ফলে জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।
এদিকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
তিনি বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

