...|...|...

সংবাদ

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৫০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৯
Shares
ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্রীরামপুর চর মাঠপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম রুবেল (২৬)। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর এবং সবশেষে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) আনুমানিক রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীরও বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আহত রুবেল ও তার আরও ছয় সঙ্গী মানবপাচার চক্রের সদস্য। সোমবার গভীর রাতে তারা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া এলাকার ভারতীয় সীমান্তের কাছে রুবেলের বাম পায়ের নিচে গুলি বিদ্ধ হয়।

সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে যশোর ও সবশেষে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। স্থানীয় দফাদার মুক্তার মীর জানান, রুবেলের অবস্থা গুরুতর।

মহেশপুর-৫৮ বিজিবির সিও লে. কর্নেল রফিকুল আলম খবরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০গজ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে তাকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসানও গণমাধ্যমকে গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে আহত রুবেলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিতভাবে জানাতে পারেননি।