...|...|...

খেলা

জয়ের খোঁজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫০
Shares
জয়ের খোঁজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হতাশাজনক অধ্যায়ের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরু করা কার্লো আনচেলত্তির দল এবার দ্বিতীয় ম্যাচে একাদশ ও কৌশলে বড় পরিবর্তন নিয়ে জয়ের সন্ধানে নামছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪:০০ টায় ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। টাউনসভিলে দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে অন্তত সাতটি পরিবর্তন নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

সোমবারের অনুশীলনে প্রথম ম্যাচের একাদশ থেকে সাতটি পরিবর্তন নিয়ে নতুন দল পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ। সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে দেখা গেছে ক্রুজেইরোর ওটাভিওকে। রক্ষণে ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়রকে নিয়ে নতুন সমন্বয় দেখা গেছে।

মাঝমাঠেও পরিবর্তন আনা হচ্ছে। দানিলো ও ব্রুনো গিমারেসের সাথে থাকছেন গ্যাব্রিয়েল বনতেম্পো। এর ফলে আগের ম্যাচের তুলনায় মাঝমাঠে একজন খেলোয়াড় বাড়িয়ে খেলতে পারে ব্রাজিল। বনতেম্পোর জন্য এটি হতে পারে জাতীয় দলের মূল একাদশে অভিষেকের সুযোগ।

আক্রমণভাগেও থাকছে বড় চমক। অনুশীলনে রাফিনিয়াকে কেন্দ্রীয় ফরোয়ার্ড বা ‘ফলস নাইন’ হিসেবে খেলানোর পরীক্ষা করেছেন আনচেলত্তি। বার্সেলোনায় সাম্প্রতিক সময়ে এই ভূমিকায় তার কার্যকারিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। রায়ানও শুরু থেকে মাঠে নামতে পারেন।

প্রথম ম্যাচে শেষ মুহূর্তে রায়ানের গোলে হার এড়িয়েছিল ব্রাজিল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন অধ্যায়ের শুরুতে নিজেদের পারফরম্যান্সে উন্নতির বার্তা দিতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল।