বাংলাদেশিদের জন্য জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে দুই বছর মেয়াদি মাস্টার্স বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে ‘জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ’ (জেডিএস) প্রোগ্রাম ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে। দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিবারের মতো এবারও যোগ্য বাংলাদেশিদের আবেদন আহ্বান করা হয়েছে।
অফিশিয়াল তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের আওতায় এবার মোট ৩০ জন ফেলোকে (মাস্টার্স কোর্স) জাপানে পাঠানো হবে। সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৭ অনুযায়ী বয়স ৪০ বছরের নিচে হতে হবে (জন্ম ২ এপ্রিল ১৯৮৭ বা তার পরে)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৬ বছরের আনুষ্ঠানিক শিক্ষাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরো শিক্ষাজীবনে (এসএসসি থেকে স্নাতক/মাস্টার্স পর্যন্ত) সিজিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ অথবা ৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে (কোনো পরীক্ষাতেই সিজিপিএ ২.০০-এর নিচে থাকা যাবে না)।
পেশাগত অভিজ্ঞতা: বিসিএস (নির্ধারিত ক্যাডার) কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ক্লাস-১ কর্মকর্তা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) কর্মকর্তা এবং আইন ও সংসদ বিষয়ক বিভাগের ১ম শ্রেণির কর্মকর্তাদের আবেদন করার জন্য অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি দক্ষতা: ভালো ইংরেজি বলার ও লেখার দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক (৬.০ বা তার বেশি স্কোর থাকা বাঞ্ছনীয়)। যাদের বৈধ স্কোর নেই, তাদের জন্য জেআইসিই পরীক্ষার ব্যবস্থা করবে।
আবেদনের শেষ সময়
অনলাইন আবেদন করার শেষ সময় হলো আগামী ৩০ নভেম্বর, ২০২৬ (সোমবার), বিকেল ৪:০০ টা।
আবেদনকারীদের অনলাইনে জাইভের অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র বা ছাড়পত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, এই স্কলারশিপ প্যাকেজের আওতায় বিমানভাড়া, সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়।
স্কলারশিপের বিস্তারিত নির্দেশিকা, গাইডলাইন ও অনলাইন আবেদনের লিংক জানতে প্রার্থীরা সরাসরি jds-scholarship.org/country/bangladesh/ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।


