রাশিয়া, জাপান, সার্বিয়াসহ বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশে যেতে হলে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো কর্মীকে বহির্গমন ছাড়পত্র দেওয়া হবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার চিঠিতে সই করেন।
নির্দেশনায় বলা হয়েছে, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
চিঠিতে এসব দেশে গমনেচ্ছু কর্মীদের অনুকূলে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র না দেওয়ার জন্য বিএমইটিকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত ১২টি দেশে কাজের উদ্দেশ্যে যেতে হলে সংশ্লিষ্ট কর্মীদের আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এরপর সেই অনুমোদনের ভিত্তিতে বহির্গমন ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বিএমইটি।
তবে এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়ার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।


